শুভেন্দুর শপথের দিন কালীঘাটে পাল্টা কর্মসূচিতে মমতা

শুভেন্দুর শপথের দিন কালীঘাটে পাল্টা কর্মসূচিতে মমতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১১:৩৪

আপডেট: ৯ মে, ২০২৬ ১১:৩৫

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার ব্রিগেডে শপথ নিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। একই সময়ে কলকাতার কালীঘাটের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালনের কর্মসূচি রেখেছেন সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।

কালীঘাটের বাড়ির চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে তৃণমূলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এটিই মমতার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হওয়ায় রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন মমতা মন্ত্রিসভার সাবেক সদস্য ইন্দ্রনীল সেন ও রাজ্যসভার সদস্য বাবুল সুপ্রিয়। বড় পরিসরে আয়োজন না হলেও সময় ও প্রেক্ষাপটের কারণে কর্মসূচিটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, তিনটি অরাজনৈতিক সংগঠন রবীন্দ্রজয়ন্তী পালনের অনুমতি চাইলেও পুলিশ তা দেয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্ব সব স্তরের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় রবীন্দ্রজয়ন্তী পালনের নির্দেশ দিয়েছে। তবে ক্ষমতায় থাকাকালীন সময়ের মতো জাঁকজমকপূর্ণ আয়োজন এবার সম্ভব নয় বলেও স্বীকার করছেন দলটির নেতারা। বর্তমান পরিস্থিতিতে ‘আক্রান্ত’ নেতাকর্মীদের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবারের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক বার্তা দেন কি না, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক পর্যবেক্ষকদের। এর আগে, দুই দিন আগে কালীঘাটের বাড়িতে বিজয়ী প্রার্থীদের নিয়ে বৈঠক করেন তিনি। পরে জেলা নেতৃত্বকে ‘বিজেপির হামলার প্রতিবাদে’ এলাকায় মিছিল করার নির্দেশ দেওয়া হয়। যদিও অনেক জেলা নেতাই জানিয়েছেন, সব জায়গায় সেই কর্মসূচি বাস্তবায়নের পরিস্থিতি নেই।