ট্রাম্পের ঘোষণায় রাশিয়া-ইউক্রেনের তিন দিনের যুদ্ধবিরতি

ট্রাম্পের ঘোষণায় রাশিয়া-ইউক্রেনের তিন দিনের যুদ্ধবিরতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১১:৫৩

আপডেট: ৯ মে, ২০২৬ ১১:৫৫

চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে তিন দিনের অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯ মে থেকে ১১ মে পর্যন্ত উভয় দেশ সব ধরনের হামলা-পাল্টা হামলা বন্ধ রাখবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তার অনুরোধে রাশিয়া ও ইউক্রেন সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একই সঙ্গে দুই দেশ ১ হাজার করে মোট ২ হাজার যুদ্ধবন্দি বিনিময়েও রাজি হয়েছে।

ট্রাম্প বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া এবং ইউক্রেন আগামী তিন দিন যুদ্ধবিরতি পালন করবে। এই পদক্ষেপ দীর্ঘ ও প্রাণঘাতী সংঘাতের অবসানের সূচনা হতে পারে বলে আমি আশা করছি।”

তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়ে বলেন, আলোচনা অব্যাহত রয়েছে এবং প্রতিদিন যুদ্ধ শেষ হওয়ার আরও কাছাকাছি পৌঁছানো যাচ্ছে।

ট্রাম্পের ঘোষণার কিছু সময় পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ৯ থেকে ১১ মে পর্যন্ত যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের বিষয়ে রাশিয়ার সম্মতিপত্র গ্রহণ করেছে কিয়েভ।

উল্লেখ্য, ন্যাটোতে ইউক্রেনের যোগদানের প্রচেষ্টা এবং ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে টানা সংঘাত চলছে দুই দেশের মধ্যে।