ভেনেজুয়েলার একটি গবেষণা রিয়্যাক্টর থেকে ১৩ দশমিক ৫ কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানি বিভাগের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।
শুক্রবার (৮ মে) মার্কিন জ্বালানি বিভাগ জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভেনেজুয়েলার যৌথ অভিযানে এই ইউরেনিয়াম অপসারণ করা হয়। রাজধানী কারাকাস থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের একটি স্থাপনা থেকে এটি সরানো হয়েছে বলে জানানো হয়।
ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ওই এলাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার পর ইউরেনিয়াম অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
মার্কিন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক ব্রান্ডন উইলিয়ামস বলেন, “এই অভিযান ভেনেজুয়েলার পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।”
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানায়, জটিল ও সংবেদনশীল এই অভিযানে ইউরেনিয়াম স্থল ও সমুদ্রপথে দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হয় এবং পরে সাউথ ক্যারোলিনার একটি জ্বালানি বিভাগীয় স্থাপনায় নেওয়া হয়।
এদিকে ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু এবং কূটনৈতিক যোগাযোগ পুনরায় সক্রিয় করার কথা জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নজর এখন ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচির দিকে। তবে এ বিষয়ে ওয়াশিংটনের প্রচেষ্টা এখনো সফল হয়নি বলে তারা মনে করছেন।
আরো পড়ুন: