মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১৩:১৬

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এক বিশাল শপথ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

শনিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে) শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রীও শপথ নেন। তারা হলেন—দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু।

শপথের ধারাবাহিকতায় প্রথমে শুভেন্দু অধিকারী, এরপর দিলীপ ঘোষ, পরে অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক শপথ নেন।

এর আগে গত ৪ মে রাজ্যের ভোটের ফলাফল ঘোষিত হলে ২০৭টি আসন পেয়ে বিজেপি সরকার গঠন করে। এরপর থেকেই মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা চলছিল। দলীয় শীর্ষ নেতৃত্ব একাধিকবার ইঙ্গিত দিয়েছিল যে বাংলাভাষী কোনো নেতাকেই মুখ্যমন্ত্রী করা হবে।

পরবর্তীতে শুক্রবার বিজেপির বিধায়কদলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে তার নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।