লেবাননে ২৪ ঘণ্টায় দখলদার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) চালানো এসব হামলায় দেশটিতে চলমান সংঘাতে নিহতের সংখ্যা ২ হাজার ৫৮৬ জনে পৌঁছেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, নিহতদের মধ্যে একজন সিভিল ডিফেন্স কর্মীও রয়েছেন। এছাড়া টাইর জেলার তাওরা শহরে পৃথক হামলায় আরও পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক কিশোরীকে উদ্ধারে অভিযান চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দক্ষিণ লেবাননের মারজাইউন, হাসবাইয়া, বিনত জবেইল, নাবাতিয়াহ, সাইদন ও জেজিন এলাকাতেও একাধিক বিমান ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
এদিকে আগামী ১৪ ও ১৫ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এটি দুই পক্ষের মধ্যে তৃতীয় বৈঠক হবে।
এর আগে ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা একাধিকবার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, শান্তি চুক্তির সম্ভাবনা থাকলেও হিজবুল্লাহই বর্তমানে মূল বাধা হিসেবে রয়ে গেছে।
আরো পড়ুন: