সদ্য দাফন করা মরদেহ তুলে অন্যত্র দাফনে বাধ্য ফিলিস্তিনিরা

সদ্য দাফন করা মরদেহ তুলে অন্যত্র দাফনে বাধ্য ফিলিস্তিনিরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১৫:৫৯

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের হস্তক্ষেপে সদ্য দাফন করা এক ফিলিস্তিনির মরদেহ কবর থেকে তুলে অন্য স্থানে পুনরায় দাফন করতে বাধ্য হয়েছেন স্থানীয়রা।

শনিবার (৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম তীরের সা-নুর এলাকায় এক ফিলিস্তিনিকে দাফনের পর বসতি স্থাপনকারীরা দাবি করে, কবরটি তাদের বসতির কাছাকাছি অবস্থিত। এরপর তারা কবরটি সরিয়ে নেওয়ার দাবি জানায় এবং পরে মরদেহ তুলে নেওয়ার চেষ্টা করে।

স্থানীয় ফিলিস্তিনিরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজনা তৈরি হয়। পরে ইসরায়েলি সেনারা সেখানে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো ভূমিকা নেয়নি বলে অভিযোগ উঠেছে। এরপর সেনাদের উপস্থিতিতেই মরদেহটি কবর থেকে তুলে নতুন স্থানে দাফন করতে বাধ্য হন ফিলিস্তিনিরা।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে ঘটনাটির নিন্দা জানিয়ে বলেছে, “জননিরাপত্তা বিঘ্নিত করে, আইনশৃঙ্খলা লঙ্ঘন করে এবং জীবিত ও মৃতদের মর্যাদা ক্ষুণ্ন করে—এমন যেকোনো ঘটনার আমরা নিন্দা জানাই।”

তবে সেনাবাহিনী দাবি করেছে, সংশ্লিষ্ট সমন্বয়ের মাধ্যমেই মরদেহটি প্রথমে দাফন করা হয়েছিল।

আন্তর্জাতিক আইনে অধিকৃত অঞ্চলে অবৈধ বসতি স্থাপন নিষিদ্ধ হলেও, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ অব্যাহত রয়েছে বলে অভিযোগ রয়েছে।