সার্ক অকার্যকর, বাংলাদেশ-চীন জোটের দিকে ঝুঁকছে পাকিস্তান

সার্ক অকার্যকর, বাংলাদেশ-চীন জোটের দিকে ঝুঁকছে পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬ ১৬:৪৬

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় বিকল্প আঞ্চলিক জোট গঠনের দিকে নজর দিচ্ছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, পাকিস্তান এখন চীন, আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সহযোগিতা কাঠামো গঠনের বিষয়ে আগ্রহী।

শুক্রবার (৮ মে) লাহোরে অনুষ্ঠিত সাফার সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ইসহাক দার বলেন, “দুর্ভাগ্যজনকভাবে সার্ক নিজেকে কার্যকরভাবে প্রতিষ্ঠা করতে পারেনি। ফলে আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ ও পারস্পরিক সহযোগিতা সীমিত হয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ার বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও দুর্বল আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের কারণে এ অঞ্চল অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে। এ অবস্থায় পাকিস্তান নতুন আঞ্চলিক অংশীদারত্ব গড়ে তোলার চেষ্টা করছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে চীন-পাকিস্তান-আফগানিস্তান এবং চীন-পাকিস্তান-বাংলাদেশ জোট নিয়ে আলোচনা চলছে।

১৯৮৫ সালে গঠিত সার্কে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সদস্য হিসেবে রয়েছে। তবে ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে সাম্প্রতিক বছরগুলোতে জোটটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে।