মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১০:৩৫

আপডেট: ১০ মে, ২০২৬ ১০:৩৫

চারদিনের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে সরকার গঠনের পথে এগিয়েছে ভারতের তামিলনাড়ু। রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সি জোসেফ বিজয়।

বিনোদন অঙ্গন থেকে রাজনীতিতে আসা বিজয়ের নেতৃত্বে ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো তামিলনাড়ুতে কোনো অ-দ্রাবিড় (ডিএমকে বা এআইএডিএমকে বহির্ভূত) নেতা মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।

বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সকালে চেন্নাই পৌঁছেছেন রাহুল গান্ধী। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেসই প্রথম দল হিসেবে বিজয়কে সমর্থন জানিয়েছিল।

২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। বর্তমানে বিজয়ের পক্ষে ১২০ জন বিধায়কের সমর্থন রয়েছে। শনিবার ভিলুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) নিঃশর্ত সমর্থন দেওয়ার পর সরকার গঠনের পথ পুরোপুরি পরিষ্কার হয়।

এর আগে ভারতীয় জাতীয় কংগ্রেস, সিপিআই এবং সিপিআই(এম) বিজয়ের দল তামিলাগা ভেট্টরি কাঝাগাম (টিভিকে)-কে সমর্থনের চিঠি দেয়। তবে তারা সরকারে সরাসরি অংশ নিচ্ছে না; বাইরে থেকে সমর্থন দেবে।

শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার-এর সঙ্গে সাক্ষাৎ করেন বিজয় এবং সংখ্যাগরিষ্ঠতার সমর্থনপত্র জমা দেন। পরে রাজ্যপাল তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান এবং আগামী ১৩ মে’র মধ্যে বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেন।

৫১ বছর বয়সী বিজয়ের জন্য আজকের দিনটি যেমন ঐতিহাসিক, তেমনি বড় রাজনৈতিক পরীক্ষাও। শপথের পর দ্রুতই তাকে বিধানসভায় নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। এদিকে নেহরু স্টেডিয়ামে তার শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা; সমর্থকদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।