মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১১:১৪

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে নতুন ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনীতিক সি জোসেফ বিজয়। রোববার (১০ মে) সকালে চেন্নাইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে তামিলনাড়ুতে প্রায় ৬০ বছর পর ডিএমকে ও এআইএডিএমকের বাইরে কোনো অ-দ্রাবিড় রাজনৈতিক দলের সরকার গঠিত হলো।

গত মাসের বিধানসভা নির্বাচনে বিজয়ের নেতৃত্বাধীন তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) ১০৮টি আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে গত কয়েকদিন ধরে চলে তীব্র রাজনৈতিক আলোচনা ও সমঝোতা। অবশেষে বিভিন্ন দলের সমর্থন নিশ্চিত করে জোট গঠনে সফল হন ৫১ বছর বয়সী এই নেতা।

সরকার গঠনের সমর্থনপত্রে বিজয় জানান, টিভিকের বিধায়কদের পাশাপাশি কংগ্রেস, ভিসিক, সিপিআই, সিপিআইএম ও আইইউএমএলের কয়েকজন বিধায়ক তার পক্ষে সমর্থন দিয়েছেন। নিজে দুটি আসনে জয়ী হওয়ায় একটি আসন ছেড়ে দেওয়ার পর জোটের মোট বিধায়ক সংখ্যা দাঁড়ায় ১২০।

১৯৬৭ সালের পর এই প্রথম তামিলনাড়ুর ক্ষমতা এমন কোনো দলের হাতে গেল, যারা প্রধান দ্রাবিড় রাজনৈতিক শিবিরের বাইরে। বিজয়ের শপথকে ঘিরে চেন্নাইজুড়ে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। সমর্থকরা একে তামিল রাজনীতির “নতুন সূর্যোদয়” হিসেবে অভিহিত করছেন।

শপথ গ্রহণের পর এবার মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় তাঁর নতুন মন্ত্রিসভা ও নীতিগত কর্মপরিকল্পনা ঘোষণা করবেন বলে জানা গেছে। রাজ্যপালের নির্দেশ অনুযায়ী আগামী ১৩ মের মধ্যে তাকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।