ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব দিলেন পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১১:৩৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণ করতে তারা প্রস্তুত। শনিবার (৯ মে) মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পুতিন উল্লেখ করেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সময়ও রাশিয়া ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম গ্রহণ করেছিল এবং প্রয়োজনে এবারও একই ধরনের ভূমিকা রাখতে প্রস্তুত। ওই চুক্তির আওতায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নজরদারির সুযোগ দেয়। বিনিময়ে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করেছিল।

তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।

পুতিন আরও জানান, চলমান পরিস্থিতিতে সব পক্ষই ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হলেও যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে—ইরানের ইউরেনিয়াম শুধুমাত্র তাদের কাছে নিতে হবে। অন্যদিকে ইরানও নিজেদের অবস্থান কঠোর রেখেছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া নিয়মিত যোগাযোগ রাখছে এবং তারা আশা করছেন দ্রুতই বর্তমান উত্তেজনার একটি সমাধান হবে।

এদিকে পুতিনের এই মন্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।