হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১১:৫২

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতিসংঘ প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায় বাহরাইনসহ কয়েকটি আঞ্চলিক দেশকে সতর্ক করেছেন দেশটির এক শীর্ষ সংসদ সদস্য।

ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়ে ইরানের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করলে তা বড় ধরনের ঝুঁকি তৈরি করবে।

আজিজি আরও বলেন, হরমুজ প্রণালি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ। তাই এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা ইরানকে এটি বন্ধ করে দিতে বাধ্য করতে পারে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র ও বাহরাইনের উদ্যোগে ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। এর আগে একই ধরনের একটি প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দেয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ ও বন্দরের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ইরানের দাবি, চলমান উত্তেজনার মধ্যে তাদের স্বার্থ রক্ষায় হরমুজ প্রণালির জন্য নতুন ‘আইনি কাঠামো’ প্রণয়ন করা হচ্ছে। সংসদে এ বিষয়ে একটি বিল চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা আগামী অধিবেশনে পাস হতে পারে।

এদিকে ইরানের ডেপুটি স্পিকার আলী নিকজাদ জানিয়েছেন, নতুন আইন অনুযায়ী ইসরায়েলি জাহাজ এবং ইসরায়েলগামী নৌযানকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ‘শত্রুভাবাপন্ন’ দেশের জাহাজের ওপরও কড়াকড়ি আরোপের পরিকল্পনা রয়েছে।

নতুন বিধান অনুযায়ী, অন্য দেশের জাহাজ থেকে টোল বা মাশুল আদায়ের প্রস্তাবও রয়েছে, যা ইরানের প্রতিরক্ষা ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

এই হুঁশিয়ারির ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।