লেবাননে নতুন করে উত্তেজনা, ইসরায়েলের হামলায় ৩৯ নিহত

লেবাননে নতুন করে উত্তেজনা, ইসরায়েলের হামলায় ৩৯ নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১২:৩৯

যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে চালানো ব্যাপক বিমান হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় নারী ও শিশুরাও হতাহত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তবে তারা বেসামরিক হতাহতের বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথাও জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় সাকসাকিয়েহ শহরে এক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

এছাড়া নাবাতিয়েহ এলাকায় পৃথক ড্রোন হামলায় এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সী মেয়ের ওপর হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় দফা ড্রোন হামলায় শিশুটির বাবার মৃত্যু হয় এবং মেয়েটি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে একাধিক এলাকায় ইসরায়েলি হামলা হয়েছে। গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলি হামলায় ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী, এতে তিনজন সেনা আহত হয়েছেন।

ইসরায়েল বলছে, তারা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং ‘হিজবুল্লাহমুক্ত অঞ্চল’ গঠনের লক্ষ্য নিয়ে অভিযান চালাচ্ছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই অভিযানকে ব্যাপক ধ্বংসযজ্ঞ হিসেবে উল্লেখ করেছে।

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান এই সংঘাতে হাজারো মানুষ নিহত হয়েছেন এবং সীমান্ত অঞ্চলে তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে।