সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা শনিবার সরকারে বড় ধরনের রদবদল করেছেন। এ সময় তিনি একাধিক মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাকে অপসারণ করেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পদচ্যুতদের মধ্যে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ আত্মীয়, এমনকি তার ভাইও রয়েছেন।
সরকারি বার্তা সংস্থা সানা জানায়, হোমসের সাবেক গভর্নর আবদুল রহমান বদরুদ্দিন আল-আমা প্রেসিডেন্সি কার্যালয়ের মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি প্রেসিডেন্ট শারার ভাই মাহের আল-শারার স্থলাভিষিক্ত হয়েছেন।
এছাড়া তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা এবং কৃষিমন্ত্রী আমজাদ বদরকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে খালেদ ফাওয়াজ জারুর এবং বাসেল হাফেজ আল-সুয়েদানকে। খালেদ ফাওয়াজ জারুর এর আগে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম অনুষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সরকারি এই রদবদলের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের মার্চে গঠিত অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এরপর থেকেই বিভিন্ন প্রদেশ ও প্রশাসনিক কাঠামোয় ধাপে ধাপে পরিবর্তন আনা হচ্ছে।
এর অংশ হিসেবে প্রেসিডেন্ট শারা হোমস, কুনেইত্রা, লাতাকিয়া ও দেইর ইজ্জোরসহ একাধিক প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন।
আরো পড়ুন: