পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বিস্ফোরণে ১২ কর্মকর্তার মৃত্যু

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বিস্ফোরণে ১২ কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৩:১৯

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপয়েন্টে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১২ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত এবং একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রোববার (১০ মে) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান জানান, বান্নুর ফতেহ খেল এলাকায় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে পুলিশ চেকপোস্টে আঘাত করে। বিস্ফোরণের পরপরই একাধিক সশস্ত্র ব্যক্তি চেকপোস্টে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে।

তিনি বলেন, “হামলায় এখন পর্যন্ত ১২ জন পুলিশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।”

প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাতে জানা যায়, হামলাকারীরা ভারী অস্ত্র ব্যবহার করে এবং ঘটনাস্থলে ছোট ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বান্নুর এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলাটি সুপরিকল্পিত ছিল এবং এতে সন্ত্রাসীরা সমন্বিতভাবে বিস্ফোরণ ও গুলিবর্ষণ চালায়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনা বেড়েছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।