চেন্নাইয়ের রাজকীয় শপথ অনুষ্ঠানের পর তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় তার প্রথম ভাষণেই বড় রাজনৈতিক বার্তা দিয়েছেন। রোববার (১০ মে) দায়িত্ব গ্রহণের পর জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি নিজেকে ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দেন এবং নতুন রাজনৈতিক যুগের সূচনার ঘোষণা দেন।
বিজয় বলেন, তার কোনো রাজপরিবার বা রাজনৈতিক উত্তরাধিকার নেই, বরং সাধারণ জীবন থেকেই তার উত্থান। জনগণের আস্থাই তার সবচেয়ে বড় শক্তি বলেও মন্তব্য করেন তিনি।
জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয় আরও বলেন, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চান না। তার লক্ষ্য তামিলনাড়ুতে প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
ভাষণের একপর্যায়ে তিনি কঠোর সুরে বলেন, “সরকারে আমি ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না।” তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, বিজয়ের এই বক্তব্য প্রশাসনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা প্রতিষ্ঠার ইঙ্গিত দিতে পারে। একই সঙ্গে দীর্ঘদিনের দ্রাবিড় রাজনৈতিক আধিপত্য ভাঙার পর তামিল রাজনীতিতে নতুন মেরুকরণেরও ইঙ্গিত দিচ্ছে এই ভাষণ।
আরো পড়ুন: