ইরানে হামলার আগে ইরাকে গোপন ঘাঁটি তৈরি করে ইসরায়েল

ইরানে হামলার আগে ইরাকে গোপন ঘাঁটি তৈরি করে ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৪:২৪

ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে ইরাকে গোপনে একটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল—এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে একটি আন্তর্জাতিক প্রতিবেদনে।

শনিবার (৯ মে) মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, ইরাকের প্রত্যন্ত মরুভূমিতে এই গোপন ঘাঁটি স্থাপন করা হয়। একাধিক মার্কিন কর্মকর্তা ও সূত্রের বরাতে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার আগে থেকেই এই ঘাঁটি ব্যবহৃত হচ্ছিল।

প্রতিবেদন অনুযায়ী, ওই ঘাঁটি থেকে ইসরায়েলি বিমানবাহিনীকে লজিস্টিক সহায়তা দেওয়া হতো। সেখানে ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্য এবং উদ্ধারকারী দলও অবস্থান করত, যাতে কোনো বিমান ভূপাতিত হলে দ্রুত পাইলট উদ্ধার করা যায়।

ওয়ালস্ট্রিট জার্নাল আরও জানায়, মার্চের শুরুতে ইরাকি সেনারা মরুভূমির ওই ঘাঁটির অস্তিত্ব শনাক্ত করেন। এরপর তারা সেখানে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ওই এলাকায় হামলার ঘটনাও ঘটে, যেখানে এক ইরাকি সেনা নিহত হন বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছিল।

এক মেষপালক ওই এলাকায় হেলিকপ্টার ওঠানামা ও গোলাগুলির শব্দ শুনে বিষয়টি কর্তৃপক্ষকে জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে ইরাকি সেনারা সেখানে প্রবেশ ঠেকাতে ইসরায়েলি বাহিনী পদক্ষেপ নেয় বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরাক সরকার প্রথমে এই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল, তবে মার্কিন পক্ষ জানিয়েছে তারা ওই ঘাঁটি সম্পর্কে অবগত থাকলেও সরাসরি এতে জড়িত ছিল না।

সামরিক বিশেষজ্ঞদের মতে, ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি অত্যন্ত বিস্তৃত ও জনবিরল হওয়ায় গোপন সামরিক ঘাঁটি স্থাপনের জন্য এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা।