নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলে শুদ্ধি অভিযান, বহিষ্কার ৩ মুখপাত্র

নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলে শুদ্ধি অভিযান, বহিষ্কার ৩ মুখপাত্র

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৫:০৯

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসে শুরু হয়েছে শৃঙ্খলাজনিত পদক্ষেপ ও অভ্যন্তরীণ পরিবর্তন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তিন মুখপাত্রকে বহিষ্কার করেছে মমতার দল।

শনিবার (৯ মে) এক বিবৃতিতে তৃণমূল কংগ্রেস জানায়, দলবিরোধী মন্তব্য ও প্রকাশ্যে নেতৃত্বের সমালোচনার কারণে মুখপাত্র কোহিনূর মজুমদার, রিজু দত্ত ও কার্তিক ঘোষকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছয় বছরের জন্য সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নির্বাচনের পর দলীয় নেতৃত্ব ও কৌশল নিয়ে প্রকাশ্যে সমালোচনার অভিযোগ ওঠার পরই এই ব্যবস্থা নেয়া হয়। এর আগে আরও কয়েকজন মুখপাত্রকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল।

দলীয় সূত্র অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে বিজেপি ২০৭টি আসনে জয়ী হয়, আর তৃণমূল নেমে আসে ৮০ আসনে। ফলাফলের পর থেকেই দলে অসন্তোষ ও সমালোচনা বাড়তে থাকে।

তৃণমূলের শৃঙ্খলা কমিটির সদস্য ডেরেক ও’ব্রায়েন এর আগে পাঁচ মুখপাত্রকে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। অভিযোগ ছিল, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে দলের নেতৃত্ব ও নির্বাচনী কৌশল নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন।

একাধিক নেতা অভিযোগ করেন, দলের অভ্যন্তরীণ বিষয় প্রকাশ্যে এনে শৃঙ্খলা ভঙ্গ করা হয়েছে। তবে বহিষ্কৃতদের কেউ কেউ দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

এ বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।