৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার, প্রভাব বাংলাদেশেও

৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার, প্রভাব বাংলাদেশেও

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১০:৩৮

মায়ানমারে মধ্যরাতে আঘাত হেনেছে ৫ মাত্রার একটি ভূমিকম্প। এর মৃদু কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলেও।

রোববার (১০ মে) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা United States Geological Survey জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহর থেকে প্রায় ৭৪ কিলোমিটার পশ্চিমে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৯ কিলোমিটার গভীরে।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। এর প্রভাব বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলেও কয়েক সেকেন্ড অনুভূত হয়েছে। মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহরটি চট্টগ্রাম থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রহমান খান বলেন, “ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারে হলেও চট্টগ্রামে এর মৃদু কম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”

এর আগে, গত শনিবার (৯ মে) বিকেল ৩টা ১০ মিনিটে আসাম–এর আলুপাড়া এলাকায় উৎপত্তি হওয়া ৪ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প রংপুর ও আশপাশের এলাকায় অনুভূত হয়েছিল।