শত্রুর সামনে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

শত্রুর সামনে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১২:৩২

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না এবং নিজেদের বৈধ অধিকার থেকে সরে আসবে না। রোববার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনা আত্মসমর্পণ নয়, বরং জাতীয় অধিকার রক্ষা ও জাতীয় স্বার্থ নিশ্চিত করার একটি প্রক্রিয়া। তার ভাষায়, “আলোচনা বা সংলাপের অর্থ কখনোই পিছু হটা বা আত্মসমর্পণ নয়।”

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আলোচনার মূল বিষয় হওয়া উচিত যুদ্ধবিরতি। পরমাণু কর্মসূচিসহ অন্যান্য বিষয় পরবর্তীতে আলোচনায় আনা যেতে পারে।

অন্যদিকে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্রের মূল দাবি মানতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত নিয়ে কোনো সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি।

ট্রাম্প আরও বলেন, ইরান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সময়ক্ষেপণের কৌশল অনুসরণ করছে।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যু ও নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আলোচনা ব্যর্থ হওয়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।