বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে জমি হস্তান্তরের নির্দেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে জমি হস্তান্তরের নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১৪:৫৮

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। নবান্নে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি সীমান্ত নিরাপত্তা জোরদারে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ দেন।

সোমবার (১১ মে) সকালে সল্টলেকের দলীয় কার্যালয় থেকে নবান্নে পৌঁছে তিনি বিভিন্ন প্রশাসনিক বৈঠকে অংশ নেন। পরে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

এরপর মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্যের ডিজিপি ও কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত সুরক্ষার স্বার্থে আগামী ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতার নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে ভূমি ও রাজস্ব দফতর এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময় জমি হস্তান্তরে বাধা তৈরি হয়েছিল, তবে নতুন সরকার সীমান্ত নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

এ ছাড়া নতুন সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনা ৩.০।

শুভেন্দু অধিকারী আরও বলেন, সরকার “ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল” নীতিতে পরিচালিত হবে এবং উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে কাজ করবে।

নবান্নে প্রথম দিনেই মন্ত্রিসভার বৈঠকের পাশাপাশি ২৩ জেলার জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক এবং রাজনৈতিক কর্মসূচিও পরিচালনা করেন তিনি।