বেইজিং সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

বেইজিং সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ মে, ২০২৬ ১৫:১৩

দীর্ঘ ৯ বছর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাচ্ছেন। আগামী ১৩ থেকে ১৫ মে পর্যন্ত তিনি বেইজিং সফরে অবস্থান করবেন।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। সেখানে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই এই সফরের পরিকল্পনা করা হয়েছে।

ট্রাম্প প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালের নভেম্বরে প্রথমবার চীন সফর করেন। এরপর আর তিনি দেশটিতে যাননি। পরবর্তীতে তার উত্তরসূরি জো বাইডেনও তার মেয়াদে চীন সফর করেননি। ফলে প্রায় ৯ বছর পর এটি যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম চীন সফর হতে যাচ্ছে।

এবারের সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

মার্কিন ও ইসরায়েলি হামলা এবং তার পাল্টা প্রতিক্রিয়ার কারণে সৃষ্ট সংঘাতের মধ্যেই ট্রাম্পের এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী ট্রাম্পের সফরটি ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত হওয়ার কথা থাকলেও চলমান সংঘাতের কারণে তা স্থগিত করা হয়।

বিশ্লেষকদের ধারণা, এবারের সফরে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বৈশ্বিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক গুরুত্বপূর্ণভাবে আলোচনায় আসবে।