সামাজিক যোগাযোগমাধ্যমে বট ফার্ম ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক নষ্টের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, এ ধরনের অনলাইন কার্যক্রমের পেছনে পাকিস্তানসহ একাধিক দেশ জড়িত রয়েছে।
রোববার (১০ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, এসব বট ও ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
তার ভাষায়, এসব প্রচারণার উদ্দেশ্য হলো ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের জনসমর্থন দুর্বল করা এবং দুই দেশের দীর্ঘদিনের জোটে ফাটল সৃষ্টি করা।
নেতানিয়াহু আরও অভিযোগ করেন, ভুয়া আইডির মাধ্যমে আমেরিকান নাগরিকদের নামে বার্তা ছড়ানো হচ্ছে, যেখানে দাবি করা হয়— যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী মনোভাব বাড়ছে এবং অনেকেই আর ইসরায়েলকে সমর্থন করছেন না।
তিনি বলেন, “এগুলো সাধারণ টেক্সট মেসেজের মতো দেখালেও আসলে বট ফার্ম থেকে পাঠানো হচ্ছে। অনেক ক্ষেত্রে এগুলোর উৎস পাকিস্তানের মতো দেশের কোনো স্থান থেকে পরিচালিত হচ্ছে।”
তার দাবি, এসব বার্তায় নিজেকে আমেরিকান পরিচয় দিয়ে বলা হয় যে, তারা আগে ইসরায়েলকে সমর্থন করলেও এখন আর সমর্থন করতে পারছেন না— যা সম্পূর্ণভাবে পরিকল্পিত বিভ্রান্তি।
নেতানিয়াহুর মতে, এ ধরনের সাইবার ও তথ্যযুদ্ধ ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ককে লক্ষ্য করে পরিচালিত একটি বৃহৎ প্রচারণার অংশ।
আরো পড়ুন: