তামিলনাড়ুতে ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর

তামিলনাড়ুতে ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১২:৪৪

আপডেট: ১২ মে, ২০২৬ ১৩:৫৫

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় রাজ্যজুড়ে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা এসব দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে বলা হয়েছে।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে সরকারি সূত্রের বরাতে জানানো হয়, টাসম্যাক পরিচালিত মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকানের মধ্যে ৭১৭টি গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি অবস্থিত। এর মধ্যে মন্দিরের কাছে ২৭৬টি, শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে ১৮৬টি এবং বাসস্ট্যান্ডের কাছে ২৫৫টি দোকান রয়েছে।

নির্দেশ অনুযায়ী, এসব দোকান ১৪ দিনের মধ্যে সরিয়ে নিতে হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং যাতায়াত কেন্দ্রের আশপাশে মদের দোকান থাকা সামাজিক অস্বস্তি ও নিরাপত্তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

মুখ্যমন্ত্রী বিজয় দায়িত্ব নেওয়ার পর জনকল্যাণ ও সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে।

তবে তামিলনাড়ুর রাজস্বের একটি বড় অংশ আসে টাসম্যাকের মদ বিক্রি থেকে। ২০২৫ সালে এই খাতে রাজস্ব আয় ৪৮ হাজার কোটি টাকারও বেশি ছিল। তবুও এই পদক্ষেপকে অনেকেই সাহসী ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

বিশ্লেষকদের মতে, এটি মুখ্যমন্ত্রী বিজয়ের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাদকমুক্ত তামিলনাড়ু গড়ার প্রথম বড় পদক্ষেপ হতে পারে। এর আগে টাসম্যাককে ঘিরে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তদন্ত ও অভিযানও পরিচালিত হয়েছিল।

রাজ্যের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জনসাধারণের একটি বড় অংশ এটিকে সামাজিক নিরাপত্তা ও নৈতিকতা রক্ষার উদ্যোগ হিসেবে ইতিবাচকভাবে দেখছেন।