ফার্মগেট কেলেঙ্কারি, তদন্তের মুখে প্রেসিডেন্ট রামাফোসা

ফার্মগেট কেলেঙ্কারি, তদন্তের মুখে প্রেসিডেন্ট রামাফোসা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১৩:৫০

আপডেট: ১২ মে, ২০২৬ ১৬:৫১

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে ঘিরে আলোচিত ‘ফার্মগেট’ কেলেঙ্কারি নতুন মোড় নিয়েছে। পার্লামেন্ট তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর সম্ভাবনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একটি খামারের সোফার ভেতর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা লুকিয়ে রাখা ও তা চুরির ঘটনায় রামাফোসার ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে।

সোমবার (১১ মে) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জানায়, স্পিকার একটি বিশেষ কমিটি গঠন করবেন, যা অভিযোগগুলো তদন্ত করবে। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালত অভিশংসন প্রক্রিয়া পুনরায় শুরু করার নির্দেশ দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

আদালতের রায়ে বলা হয়, চার বছর আগে পার্লামেন্ট যে তদন্ত প্রক্রিয়া বন্ধ করেছিল, তা সংবিধানসম্মত ছিল না।

নতুন গঠিত কমিটি ‘ফার্মগেট’ কেলেঙ্কারিতে প্রেসিডেন্টের বিরুদ্ধে থাকা প্রমাণ পর্যালোচনা করবে এবং অভিশংসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে কি না সে বিষয়ে সুপারিশ দেবে।

ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০২০ সালে রামাফোসার মালিকানাধীন ফালা ফালা গেম ফার্ম থেকে প্রায় ৪০ লাখ ডলার চুরির অভিযোগ। অভিযোগ অনুযায়ী, ওই অর্থ সোফার ভেতর লুকানো ছিল।

রামাফোসা অবশ্য সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন।

গত সপ্তাহে তিনি আদালতের রায়কে সম্মান জানানোর কথা বললেও সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্পষ্ট করে জানান, তিনি পদত্যাগ করবেন না। একই সঙ্গে তিনি স্বাধীন তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দেন।

তার রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) এ বিষয়ে করণীয় নির্ধারণে মঙ্গলবার (১২ মে) জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডেকেছে।

বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স (ইএফএফ) এবং আফ্রিকান ট্রান্সফরমেশন মুভমেন্ট (এটিএম) এই মামলার প্রধান অভিযোগকারী। ইতোমধ্যে ইএফএফ প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছে।

বিশ্লেষকদের মতে, অভিশংসন কমিটির রিপোর্ট নেতিবাচক হলেও পার্লামেন্টে রামাফোসার টিকে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তাকে অপসারণে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।as