দিল্লিতে দুই নারীকে হেনস্তা, গ্রেফতার ৪

দিল্লিতে দুই নারীকে হেনস্তা, গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১৫:৩৩

ভারতের রাজধানী দিল্লিতে প্রকাশ্যে দুই নারীকে ভয়াবহভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। এ সময় তাদের একজনের পোশাক টেনে ছিঁড়ে ফেলা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই প্রতিবাদ না করে দাঁড়িয়ে দেখেছেন, কেউ কেউ হাসাহাসিও করেছেন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার সকালে দিল্লির নেহরু এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল ৭টার দিকে দুই নারী একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন উগ্র যুবক তাদের উদ্দেশ করে অশালীন মন্তব্য করতে শুরু করে। একপর্যায়ে নারীদের একজন প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ভুক্তভোগীদের অভিযোগ, এরপর ওই যুবকরা আরও কয়েকজনকে ডেকে আনে, যাদের মধ্যে কয়েকজন মদ্যপ ছিলেন। একপর্যায়ে নারীদের শারীরিকভাবে হেনস্তা করা হয় এবং একজনের পোশাক টেনে ছিঁড়ে ফেলা হয়। এছাড়া যৌন হেনস্তার অভিযোগও তুলেছেন তারা।

বার্তাসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে হেনস্তার শিকার এক নারী বলেন, তারা সাধারণভাবে বসে চা খাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই তাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু হয়। প্রতিবাদ করতেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।

জানা গেছে, ভুক্তভোগী দুই নারীর একজন আসামের এবং অন্যজন বিহারের বাসিন্দা।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নারীদের ঘিরে মৌখিকভাবে হেনস্তা ও গালাগাল করছেন।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—ফাহাদ, সাভেজ, আরিফ ও ফাহিম।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।