টানা দ্বিতীয় মেয়াদে আসামের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন হিমন্ত

টানা দ্বিতীয় মেয়াদে আসামের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন হিমন্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ মে, ২০২৬ ১৬:০৬

রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আবারও সরকার গঠন করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। টানা দ্বিতীয়বারের মতো রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।

মঙ্গলবার (১২ মে) আসামের গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব শর্মাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, হিমন্তের সঙ্গে আরও চারজন মন্ত্রী শপথ নিয়েছেন। তারা হলেন বিজেপির রামেশ্বর তেলি ও অজন্তা নেওগ, আসাম গণ পরিষদের (এজিপি) সভাপতি অতুল বরা এবং বোদোল্যান্ড পিপলস ফ্রন্টের (বিপিএফ) বিধায়ক চরণ বরো।

২০২১ সালে সর্বানন্দ সোনোয়ালের স্থলাভিষিক্ত হয়ে প্রথমবার আসামের মুখ্যমন্ত্রী হন হিমন্ত বিশ্ব শর্মা। এবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে তিনি রাজ্যের ইতিহাসে প্রথম অ-কংগ্রেস নেতা হিসেবে টানা দুইবার মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড গড়লেন।

একইসঙ্গে ২০১৬ সালের পর টানা তৃতীয়বারের মতো আসামে ক্ষমতায় এলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

সম্প্রতি অনুষ্ঠিত আসাম বিধানসভা নির্বাচনে ১২৬ আসনের মধ্যে এনডিএ জোট পেয়েছে ১০২টি আসন। এর মধ্যে বিজেপি একাই জিতেছে ৮২টি আসনে, যা দলটির জন্য রাজ্যে প্রথম একক সংখ্যাগরিষ্ঠতা। জোটসঙ্গী এজিপি ও বিপিএফ পেয়েছে ১০টি করে আসন।

বিশ্লেষকরা বলছেন, এই জয়ের মধ্য দিয়ে উত্তর-পূর্ব ভারতে বিজেপির সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার অবস্থান আরও শক্তিশালী হয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তিনি অঞ্চলটিতে বিজেপির সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

ধারণা করা হচ্ছে, নতুন সরকারের প্রথম ১০০ দিনের কর্মসূচিতে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, ভূমি সংস্কার, কল্যাণমূলক কর্মসূচি ও আদিবাসী অধিকারকে অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যদিকে শপথ অনুষ্ঠানকে ‘রাজনৈতিক প্রদর্শনী’ আখ্যা দিয়ে এতে অংশ নেয়নি কংগ্রেস। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ অভিযোগ করেন, সাংবিধানিক একটি অনুষ্ঠানকে ব্যয়বহুল রাজনৈতিক সমাবেশে পরিণত করা হয়েছে।