মহারাষ্ট্রে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

মহারাষ্ট্রে মন্দিরের দেওয়াল ধসে নিহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১০:১৯

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার মধ্যে একটি মন্দিরের দেওয়াল ধসে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ থেকে ১৪ জন। মঙ্গলবার সন্ধ্যায় সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, প্রতি মঙ্গলবার মন্দিরটিতে বিপুল সংখ্যক ভক্ত-দর্শনার্থীর সমাগম হয়। ঘটনার সময় প্রায় ৩৫০ জন মানুষ মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, সন্ধ্যার দিকে হঠাৎ ভারী বৃষ্টি ও ঝড় শুরু হলে দর্শনার্থীরা মন্দির চত্বরের সীমানা দেওয়ালের পাশে থাকা টিনশেডের নিচে আশ্রয় নেন। এ সময় দেওয়ালের একটি অংশ এবং টিনশেড ভেঙে পড়ে। এতে বহু মানুষ চাপা পড়েন।

তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে প্রশাসন।