হরমুজ প্রণালির পাশে ৩০টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি পুনরুদ্ধার ইরানের

হরমুজ প্রণালির পাশে ৩০টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি পুনরুদ্ধার ইরানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ১১:০৬

হরমুজ প্রণালির কাছে থাকা নিজেদের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি পুনরায় সক্রিয় করেছে ইরান। এতে ওই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো নতুন করে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।

বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম The New York Times।

গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানি বাহিনী মোবাইল লঞ্চার ব্যবহার করে যে কোনো স্থান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা তৈরি করেছে। পাশাপাশি কিছু ঘাঁটিতে স্থায়ী লঞ্চ প্যাডও সক্রিয় রয়েছে, যেখান থেকে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় হরমুজ প্রণালির আশপাশের ৩৩টি ঘাঁটির মধ্যে মাত্র তিনটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে মার্কিন গোয়েন্দা সূত্র।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হওয়ায় এখানে যে কোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এদিকে, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যেই সৌদি আরব গোপনে ইরানে হামলা চালিয়েছে বলে আরেকটি পৃথক প্রতিবেদনে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Reuters। পশ্চিমা দুই কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, গত মার্চে সৌদি আরব ইরানে একাধিক গোপন হামলা চালায়, যার জবাবে পাল্টা প্রতিক্রিয়া দেখা দেয়।

তবে এ বিষয়ে ইরান বা সৌদি আরব—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।