মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এলআরটি ও এমআরটি স্টেশনে পাঁচ নারীকে শ্লীলতাহানির ঘটনায় এক বাংলাদেশিকে দেড় বছরের কারাদণ্ড এবং বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৩ মে) দেশটির আদালত এ রায় দেন।
সংবাদমাধ্যম মালয়মেইল জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশির নাম মোহাম্মদ রমজান আলী (৪১)। তিনি দেশটিতে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে ৬ মে তাকে ছয় মাসের কারাদণ্ড ও ১৪ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানার আদেশ দিয়েছিল ম্যাজিস্ট্রেট আদালত। পরবর্তীতে শাস্তি পুনর্বিবেচনায় নিয়ে তা বাড়িয়ে দেড় বছরের কারাদণ্ড এবং একটি বেত্রাঘাতের নির্দেশ দেওয়া হয়।
গত ২৭ এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয় এবং সেদিন থেকেই তার দণ্ড কার্যকর ধরা হয়।
আদালতে তিনি অভিযোগ স্বীকার করেন যে, ১০ থেকে ২৫ এপ্রিলের মধ্যে তিনি স্টেশন ও এসকেলেটরে এক জার্মান নাগরিকসহ চার মালয়েশিয়ান নারীকে শ্লীলতাহানির উদ্দেশ্যে হয়রানি করেন। ভুক্তভোগীদের বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে।
এ ঘটনায় ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলা করেন।
এদিকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দেশে ফিরিয়ে নিতে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দেয়। শুনানিতে তার ভাই উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: