তামিলনাড়ুর রাজনীতিতে আরও শক্ত অবস্থান তৈরি করলেন জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্রি কাঝাগাম (টিভিকে) প্রধান বিজয়। রাজ্য বিধানসভায় আস্থা ভোটে বড় ব্যবধানে জয় পেয়ে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছেন তিনি।
বুধবার (১৩ মে) অনুষ্ঠিত আস্থা ভোটে বিজয়ের পক্ষে ভোট পড়ে ১৪৪টি, বিপক্ষে ভোট দেন মাত্র ২২ জন বিধায়ক। ভোটদানে বিরত ছিলেন পাঁচজন। অন্যদিকে প্রধান বিরোধী দল ডিএমকের ৫৯ জন বিধায়ক অধিবেশন বর্জন করে ওয়াকআউট করেন।
২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮ আসন। গত ৪ মে নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেলেও আস্থা ভোটে কংগ্রেস, বামফ্রন্ট, ভিসিকে, মুসলিম লীগ এবং আম্মা মক্কাল মুন্নেত্র কাজগামের সমর্থন পান তিনি।
আস্থা ভোটে জয় পাওয়ার পর বিজয় বলেন, সিনেমা থেকে রাজনীতিতে আসার যে যাত্রা তিনি শুরু করেছিলেন, আজ তা নতুন মাত্রা পেয়েছে। তিনি বলেন, “হুইসেল আজ ইতিহাস বদলে দিয়েছে।”
এই ভোটে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এআইএডিএমকের ভাঙন। বিশ্লেষকদের মতে, জয়ললিতার মৃত্যুর পর থেকেই দলটির অভ্যন্তরীণ সংকট চলছিল, যা এবার প্রকাশ্যে বড় ধাক্কায় রূপ নিয়েছে।
এদিকে বিজেপি ও পিএমকের বিধায়করা নিরপেক্ষ অবস্থান নেওয়ায় বিজয়ের জয় আরও সহজ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আরো পড়ুন: