সমালোচনার মুখে নিজের দপ্তরে নিয়োগ দেওয়া জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্রিভেলকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (রাজনৈতিক) পদ থেকে সরিয়ে দিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী ও টিভিকে প্রধান বিজয়।
ভেট্রিভেলের নিয়োগ নিয়ে শুরু থেকেই বিরোধী দলগুলোর পাশাপাশি জোটসঙ্গীদের মধ্যেও সমালোচনা তৈরি হয়। বিশেষ করে জোটসঙ্গী ভিদুতালাই চিরুথাইগাল ক্যাচি (ভিসিকে) এ নিয়োগের তীব্র বিরোধিতা করে।
দলটির সাধারণ সম্পাদক ডি রবিকুমার বলেন, একটি ধর্মনিরপেক্ষ সরকারের জন্য এমন নিয়োগ গ্রহণযোগ্য নয়। সরকারের দায়িত্ব বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলা, কুসংস্কারকে উৎসাহ দেওয়া নয়।
তবে টিভিকে নেতা সিটি নির্মল কুমার দাবি করেন, ভেট্রিভেল মূলত দলের মিডিয়া মুখপাত্র হিসেবে কাজ করার কথা ছিল এবং তার পেশাকে কেন্দ্র করে অযথা বিতর্ক তৈরি করা হয়েছে।
এদিকে ডিএমডিকে নেত্রী প্রেমমালাতা এবং কংগ্রেস সংসদ সদস্য সাসিকান্ত সেন্টিলও নিয়োগটি নিয়ে প্রশ্ন তোলেন। তারা জানতে চান, একজন জ্যোতিষীর জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদ কেন প্রয়োজন হলো।
এর মধ্যেই তামিলনাড়ুর রাজনীতিতে বড় সাফল্য পেয়েছেন অভিনেতা-রাজনীতিক বিজয়। বুধবার (১৩ মে) আস্থা ভোটে ১৪৪ ভোট পেয়ে মুখ্যমন্ত্রী হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি। বিপক্ষে ভোট পড়ে মাত্র ২২টি।
২৩৪ সদস্যের বিধানসভায় ডিএমকের ৫৯ জন বিধায়ক অধিবেশন বর্জন করে ওয়াকআউট করেন। বিশ্লেষকদের মতে, আস্থা ভোটে বড় জয় পেলেও বিতর্কিত নিয়োগের কারণে শুরুতেই রাজনৈতিক চাপের মুখে পড়তে হয়েছে বিজয়কে।
আরো পড়ুন: