হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সোনিয়া গান্ধী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১০:৫৫

ভারতের কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধী শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বড় কোনো জটিলতা না থাকায় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

গত বুধবার (১৩ মে) নয়াদিল্লির গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে বাসায় নেওয়া হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে মোট তিনবার হাসপাতালে ভর্তি হতে হলো ৭৯ বছর বয়সী এই রাজনীতিবিদকে। এর আগে গত মার্চে প্রচণ্ড জ্বর নিয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তখন পরীক্ষায় শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েক দিন তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

এরও আগে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়েছিল।

ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে হাসপাতালের এক সূত্র জানিয়েছে, সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগছেন। বিশেষ করে দিল্লির বায়ুদূষণের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হচ্ছে।

সোনিয়া গান্ধীর অসুস্থতার কারণে তার ছেলে রাহুল গান্ধী পূর্বনির্ধারিত কেরালা সফর বাতিল করেন। সেখানে একটি সমাবেশে তার যোগ দেওয়ার কথা ছিল। পরে তিনি ভার্চুয়ালি বক্তব্য দেন এবং জানান, মায়ের অসুস্থতার কারণে তার কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে।