ভারতের উত্তরপ্রদেশে শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। ভাদোহী, ফতেহপুর ও বুধাউনসহ রাজ্যের পাঁচটি জেলায় এই দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় বুধবার (১৩ মে) এই প্রাণহানির ঘটনা ঘটে। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শুধু ভাদোহীতেই ১৬ জন, ফতেহপুরে ৯ জন এবং বুধাউনে ৫ জন নিহত হয়েছেন। অন্যান্য এলাকায় আরও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঝড়ের কারণে বহু স্থানে গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা চলছে।
ভাদোহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার জানান, ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় উদ্ধার কাজে কিছুটা বাধা সৃষ্টি হয়।
ভাদোহী পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, পৃথক পৃথক ঘটনায় সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ছয়জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ফতেহপুরেও ঝড়ের তাণ্ডবে ৯ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। খাগা তেহসিলে ৮ জন এবং সদর তেহসিলে দেয়াল ধসে আরও একজন নারী নিহত হন।
দুর্যোগে প্রাণহানির পাশাপাশি গবাদি পশু ও কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আরো পড়ুন: