তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র–চীন সংঘাতের আশঙ্কা

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র–চীন সংঘাতের আশঙ্কা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১১:২৮

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, এ বিষয়টি দুই দেশের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইস্যু।

বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে অনুষ্ঠিত এক সরাসরি বৈঠকে শি জিনপিং ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে তিনি বলেন, তাইওয়ান ইস্যু সঠিকভাবে পরিচালনা করা হলে দুই দেশের সম্পর্ক স্থিতিশীল থাকবে। তবে ভুলভাবে সামলালে তা দ্বন্দ্ব এমনকি সংঘাতের পর্যায়ে পৌঁছাতে পারে, যা পুরো যুক্তরাষ্ট্র–চীন সম্পর্ককে ঝুঁকিতে ফেলবে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, শি জিনপিং আরও বলেন, তাইওয়ানের স্বাধীনতার আকাঙ্ক্ষা তাইওয়ান প্রণালির স্থিতিশীলতার সঙ্গে সাংঘর্ষিক। এ প্রণালির স্থিতিশীলতা যুক্তরাষ্ট্র–চীন সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে এবং প্রয়োজনে একীভূত করতে সামরিক শক্তি ব্যবহারের অবস্থানও জানিয়ে আসছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও দ্বীপটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে এবং প্রতিরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করে।

এদিকে তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে চীনের সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।