ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। নতুন এই নির্দেশনার মাধ্যমে পশু জবাইয়ের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা নিয়ে রাজ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সরকারি অনুমোদন ছাড়া গরু, ষাঁড়, মহিষসহ কোনো পশু জবাই করা যাবে না। আইন ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, পশ্চিমবঙ্গ সরকার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করেছে। এতে বলা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি পশু চিকিৎসকের ফিটনেস সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না।
নতুন বিধিনিষেধে গরু, ষাঁড়, বলদ, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষসহ বিভিন্ন ধরনের পশুর ওপর এই নিয়ম প্রযোজ্য হবে। পশু জবাইয়ের আগে অবশ্যই একটি অনুমোদন সনদ নিতে হবে, যেখানে উল্লেখ থাকবে পশুটি জবাইয়ের উপযুক্ত কি না।
সনদ প্রদানের ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে পশুর বয়স ১৪ বছরের বেশি এবং সেটি আর কর্মক্ষম বা প্রজননের জন্য উপযোগী নয়, অথবা বয়সজনিত অসুস্থতা, আঘাত বা অক্ষমতার কারণে জবাইযোগ্য।
নতুন নিয়মে পশু জবাই শুধুমাত্র পৌরসভার অনুমোদিত কসাইখানা বা নির্ধারিত স্থানে করা যাবে। প্রকাশ্যে বা খোলা জায়গায় পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
নিয়ম বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ ও পশু চিকিৎসকদের পরিদর্শনের ক্ষমতা দেওয়া হয়েছে। এ কাজে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে, নতুন এই সিদ্ধান্ত ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে।
আরো পড়ুন: