মামলা লড়তে আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা ব্যানার্জী

মামলা লড়তে আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা ব্যানার্জী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১৩:৩৩

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আইনজীবীর কালো পোশাক পরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে ভোট পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলার শুনানিতে তিনি আদালতে অংশ নেন।

নির্বাচন শেষে রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতা, হামলা ও ভাঙচুরের অভিযোগ নিয়ে এ মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, নেতা-কর্মী এবং সমর্থকদের ওপর ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে।

মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির জন্য গ্রহণ করা হয়। সেই শুনানিতেই আইনজীবীর ভূমিকা নিয়ে উপস্থিত হন মমতা ব্যানার্জী।

স্থানীয় সময় সকাল প্রায় ১০টা ৪০ মিনিটে তিনি আদালতে উপস্থিত হন বলে জানা গেছে। মামলার গুরুত্ব বিবেচনায় দ্রুত শুনানির আবেদনও মঞ্জুর করা হয়।

অভিযোগে বলা হয়েছে, নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন স্থানে প্রায় দুই হাজার তৃণমূল কর্মী ও সমর্থক হামলার শিকার হয়েছেন। পাশাপাশি প্রায় ৪০০ দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

এছাড়া অনেক কর্মী ঘরছাড়া এবং নিরাপত্তাহীনতায় রাজ্য ত্যাগ করেছেন বলেও দাবি করা হয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।