এমভি হন্ডিয়াস ক্রুজ জাহাজে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাস প্রাদুর্ভাবে আক্রান্ত আট জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে সক্ষম হান্টা ভাইরাসের এটিই একমাত্র ধরন হিসেবে পরিচিত।
বুধবার প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে ডব্লিউএইচও জানায়, “আটটি ঘটনায় পরীক্ষাগারে অ্যান্ডিজ ভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছে। আরও দুটি সম্ভাব্য এবং একটি ঘটনার ফল এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের অতিরিক্ত পরীক্ষা চলছে।”
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গত ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া এই ক্রুজ জাহাজে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, মৃতদের মধ্যে দুই জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছে। আরেকজনকে ‘সম্ভাব্য’ আক্রান্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
সাধারণত আক্রান্ত ইঁদুরের মল-মূত্র ও লালার মাধ্যমে হান্টা ভাইরাস ছড়ায়। এই বিরল রোগের কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।
বর্তমান প্রাদুর্ভাবের সব আক্রান্তই ওই ক্রুজ জাহাজের যাত্রী ছিলেন। যার পরীক্ষার ফল এখনো নিশ্চিত হয়নি, তিনি একজন মার্কিন যাত্রী। তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে।
ডব্লিউএইচও জানায়, একটি পরীক্ষায় পজিটিভ এবং অন্যটিতে নেগেটিভ ফল আসার পর তার আরও পরীক্ষা চলছে। তবে বর্তমানে তার কোনো উপসর্গ নেই।
প্রাদুর্ভাবের উৎস এখনো নিশ্চিত করা যায়নি। তবে সংস্থাটি বলছে, মূল সংক্রমণ ক্রুজযাত্রা শুরুর আগেই ঘটে থাকতে পারে। কারণ প্রথম আক্রান্ত ৭০ বছর বয়সী এক ডাচ নাগরিক ৬ এপ্রিল উপসর্গ দেখাতে শুরু করেন, অথচ ভাইরাসটির সুপ্তিকাল এক থেকে ছয় সপ্তাহ।
আরো পড়ুন: