হরমুজ প্রণালিতে টোল আদায়ের মাধ্যমে তেল রপ্তানি আয়ের তুলনায় দ্বিগুণ রাজস্ব পাবে ইরান বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেছেন, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ইরানের অর্থনীতি ও কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।
বুধবার (১২ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আকরামিনিয়া জানান, বর্তমানে হরমুজ প্রণালির পশ্চিমাংশ নিয়ন্ত্রণ করছে ইসলামিক বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনী এবং পূর্বাংশ তদারকি করছে ইরানের নিয়মিত নৌবাহিনী।
তার ভাষায়, “হরমুজ প্রণালির ওপর আমাদের নিয়ন্ত্রণ দেশকে তেলের আয়ের দ্বিগুণ রাজস্ব এনে দেবে। একই সঙ্গে এটি ইরানের পররাষ্ট্রনীতির অবস্থানকে আরও শক্তিশালী করবে।”
তিনি আরও দাবি করেন, হরমুজে ইরানের শক্তিশালী নৌ উপস্থিতি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব দুর্বল করে দেবে। তার মতে, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের অবস্থান দ্রুত দুর্বল হয়ে পড়ছে।
এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে।
এদিকে ইরান-মার্কিন যুদ্ধবিরতির মধ্যেও দুই দেশের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। নতুন করে আলোচনা শুরু করতে ট্রাম্প প্রশাসনের কাছে পাঁচটি শর্ত দিয়েছে তেহরান। ফলে যুদ্ধবিরতি টিকে থাকবে নাকি আবার সংঘাত শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। পরে কয়েক দফা হামলা-পাল্টা হামলার পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়।
আরো পড়ুন: