ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ল

ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১২:২১

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই দিনের সংলাপ শেষে এই সিদ্ধান্ত আসে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের দুই দিনের সংলাপ সফলভাবে শেষ হয়েছে এবং এটি ছিল অত্যন্ত ফলপ্রসূ আলোচনা।

তিনি বলেন, ১৬ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী রোববার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই নতুন সিদ্ধান্ত নেওয়া হলো।

প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাস ধরে চলা সংঘাতের পর যুক্তরাষ্ট্রের উদ্যোগে দুই দেশের মধ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে সামরিক ও নিরাপত্তা বিষয়ক মার্কিন কর্মকর্তারাও অংশ নেন।

আগামী ২৯ এপ্রিলের মধ্যে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দুই দেশের জন্য একটি নতুন ‘নিরাপত্তা কাঠামো’ প্রস্তাব করবে। এরপর ২ ও ৩ জুন ওয়াশিংটনেই ফের বৈঠকে বসবে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা।

পিগট আরও জানান, এই সংলাপের লক্ষ্য হলো সীমান্ত অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সার্বভৌমত্বের পারস্পরিক স্বীকৃতি এবং নিরাপত্তা জোরদার করা।