হরমুজ প্রণালী চলতি ২০২৬ সালের গ্রীষ্মের শেষ নাগাদ পুরোপুরি খুলে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধবিরতির জটিলতার মধ্যেও খুব শিগগিরই একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার লুইসিয়ানার ক্যামেরন শহরে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “দুই দেশের মধ্যে আলোচনা এগোচ্ছে। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই একটি সমঝোতা হবে এবং গ্রীষ্মের শেষ নাগাদ হরমুজ প্রণালী আগের অবস্থায় ফিরে যাবে।”
পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করা প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের প্রায় এক পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর ইরান এই প্রণালী দিয়ে বিদেশি জাহাজ চলাচল সীমিত করে দেয়, যার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়।
এছাড়া সম্প্রতি ইরান ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজকে টোল দিতে হবে। তবে এই সিদ্ধান্তে বিশ্বের বেশ কয়েকটি দেশ আপত্তি জানিয়েছে।
ক্রিস রাইট আরও বলেন, হরমুজ প্রণালী বন্ধ রেখে ইরান যদি বৈশ্বিক অর্থনীতিকে চাপের মুখে ফেলতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র প্রয়োজনে পদক্ষেপ নিতে পারে। তবে তিনি উল্লেখ করেন, এ ক্ষেত্রে সামরিক শক্তির চেয়ে কূটনৈতিক সমাধানই সবচেয়ে কার্যকর পথ।
আরো পড়ুন: