থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা: ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৮

থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনা: ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১৭:৪১

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেন ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা।

শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানানো হয়, একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশে থাকা কয়েকটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। ব্যাংকক পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুমড়েমুচড়ে যাওয়া যানবাহনের ভেতর থেকে আহতদের উদ্ধার এবং নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। একই সঙ্গে ঘটনাস্থলে জমে থাকা গ্যাস অপসারণ ও এলাকা নিরাপদ করার কাজ চলছে।

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।