দুই দিনের সফরে চীন যাচ্ছেন পুতিন

দুই দিনের সফরে চীন যাচ্ছেন পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১৮:০৮

বিশ্ব রাজনীতিতে বড় শক্তিগুলোর কূটনৈতিক তৎপরতা ফের আলোচনায় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে যাচ্ছেন।

আগামী ১৯ মে দুই দিনের এই সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে শনিবার (১৬ মে) জানিয়েছে ক্রেমলিন।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, সফরকালে পুতিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মস্কো ও বেইজিংয়ের মধ্যে কৌশলগত অংশীদারত্ব ও সামগ্রিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতেও মতবিনিময় হবে। সফর শেষে দুই দেশের মধ্যে একটি যৌথ ঘোষণা স্বাক্ষরের কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন রুশ প্রেসিডেন্ট।

এর আগে প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো চীন সফর শেষ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সফরটি ঘিরে বাণিজ্য ও ভূরাজনৈতিক বিভিন্ন ইস্যুতে উত্তেজনা ও মতপার্থক্য দেখা দেয় বলে জানা যায়।

ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে।