শান্তিচুক্তি না হলে ইরানকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

শান্তিচুক্তি না হলে ইরানকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১০:২০

ইরানকে নতুন করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দ্রুত কোনো শান্তিচুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে। একই সঙ্গে ইরান সংকট ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের জন্য সবচেয়ে ভালো হবে একটি চুক্তিতে পৌঁছানো। তারা যদি তা না করে, তাহলে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, এই চুক্তি শুধু ওয়াশিংটনের নয়, তেহরানেরও স্বার্থের সঙ্গে জড়িত।

এদিকে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন করে আলোচনার বার্তা পাওয়ার কথা স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে গভীর অবিশ্বাস প্রকাশ করেছে ইরান। দুই দেশের এই মনস্তাত্ত্বিক চাপানউতোরের মধ্যেই বড় ধরনের সামরিক অভিযানের আশঙ্কা বাড়ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অচলাবস্থা কাটাতে ট্রাম্প আবারও বড় পরিসরের সামরিক হামলার পথে যেতে পারেন বলে আশঙ্কা করছেন মার্কিন কর্মকর্তারা। এ বিষয়ে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা সম্ভাব্য সামরিক অভিযানের একটি রূপরেখাও প্রস্তুত রেখেছেন।

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরান সংকট নিয়ে যেকোনো সময় বড় সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো।

বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানকে রাজি করাতে জোর চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি খুলে গেলে আন্তর্জাতিক অঙ্গনে এটিকে নিজের কূটনৈতিক ও সামরিক সফলতা হিসেবে তুলে ধরতে পারবেন ট্রাম্প।

এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালেই যুক্তরাষ্ট্র দুই দফা সামরিক হামলা চালিয়েছিল দেশটিতে। ফলে বর্তমান উত্তেজনা নতুন সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে।