কঙ্গো-উগান্ডায় ইবোলায় ৮০ জনের মৃত্যু, আফ্রিকাজুড়ে উদ্বেগ

কঙ্গো-উগান্ডায় ইবোলায় ৮০ জনের মৃত্যু, আফ্রিকাজুড়ে উদ্বেগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১০:৩৮

কঙ্গো ও উগান্ডায় নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় আফ্রিকাজুড়ে বাড়ছে উদ্বেগ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) রোববার এ প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। তবে সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারি ঘোষণার মানদণ্ডে পৌঁছায়নি।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, কঙ্গোর ইতুরি প্রদেশের বুনিয়া, রওয়ামপারা ও মঙ্গবালু অঞ্চলে সন্দেহভাজন ও নিশ্চিত সংক্রমণের ঘটনা দ্রুত বাড়ছে। শনিবার পর্যন্ত অন্তত ৮০ জনের সন্দেহজনক মৃত্যু, আটটি নিশ্চিত সংক্রমণ এবং ২৪৬টি সন্দেহভাজন রোগীর তথ্য পাওয়া গেছে।

এর আগে কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পূর্বাঞ্চলে নতুন এই প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৮০ জনে পৌঁছেছে। একই সময়ে উগান্ডার রাজধানী কাম্পালায় পরীক্ষাগারে নিশ্চিত দুটি সংক্রমণ শনাক্ত হয়েছে, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, উগান্ডায় আক্রান্ত ব্যক্তিরা কঙ্গো থেকে ভ্রমণ করে এসেছিলেন, ফলে সীমান্ত পেরিয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে কঙ্গোর রাজধানী কিনশাসাতেও নতুন একটি সংক্রমণ শনাক্ত হয়েছে।

আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, বর্তমানে এলাকায় সক্রিয় কমিউনিটি ট্রান্সমিশন চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীরা স্ক্রিনিং ও সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তে কাজ জোরদার করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ইবোলার কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং প্রতিদিন একাধিক দাফনের ঘটনা ঘটছে।

ইবোলা একটি মারাত্মক সংক্রামক ভাইরাস, যা শরীরের তরলের মাধ্যমে দ্রুত ছড়ায় এবং অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাতকবলিত ও দুর্গম এলাকায় রোগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এর আগে শুক্রবার কঙ্গোতে নতুন এই প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়, তখন মৃতের সংখ্যা ছিল ৬৫ জন। পরে তা দ্রুত বেড়ে ৮০ জনে পৌঁছায়।