ভারতে দিল্লিগামী ট্রেনে আগুন

ভারতে দিল্লিগামী ট্রেনে আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১০:৫৯

ভারতের রাজস্থানে চলন্ত দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং কোনো যাত্রী হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানী এক্সপ্রেসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন ধরে যায়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, কোটা–বিক্রমগড় আলত স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বি–১ নামের ওই বগিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং যাত্রীদের নিরাপদে অন্য বগিতে সরিয়ে নেওয়া হয়।

পরে আক্রান্ত বগিটি বিচ্ছিন্ন করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়, যাতে আগুন আর ছড়িয়ে না পড়ে। ভিডিও ফুটেজে দেখা গেছে, বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে এবং আশপাশের কিছু স্থানে আগুন ছড়িয়ে পড়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের কোটা পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং সেখানে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বগির পরিবর্তে নতুন বগি যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

১২৪৩১ রাজধানী এক্সপ্রেসটি কেরালার তিরুবনন্তপুরম থেকে যাত্রা শুরু করে দিল্লির নিজামুদ্দিন স্টেশনের দিকে যাচ্ছিল। প্রায় ২,৬০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর, রাজধানী থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।