ইরানকে ঘিরে আবারও যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় আগামী সপ্তাহের মধ্যেই ইরানে নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তা জানান, সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি এখন জোরদার করা হয়েছে। নতুন হামলা হলে আগের চেয়ে আরও তীব্র বোমাবর্ষণ চালানো হতে পারে, যেখানে সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ নিয়েও পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইরানের মূল ভূখণ্ডে বিশেষ বাহিনী পাঠিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহের মতো ঝুঁকিপূর্ণ অভিযান নিয়েও আলোচনা চলছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযান অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কারণ এতে বড় ধরনের সামরিক সংঘর্ষ এবং প্রাণহানির আশঙ্কা রয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২-কে এক অজ্ঞাত কর্মকর্তা জানান, পরিস্থিতি যুদ্ধের দিকেই এগোচ্ছে বলে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের দিকেও তারা নজর রাখছে।
ওই কর্মকর্তা আরও বলেন, আগামী কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে—এমন ধারণা নিয়ে প্রস্তুতি চলছে।
এর আগে চীন সফর শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান যদি দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তবে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে আগে তিনি শর্ত দিয়েছিলেন, ইরানকে সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে।
আরো পড়ুন: