নাইজেরিয়ায় তিন স্কুলে হামলা, ৫০ জনের বেশি শিশু অপহরণ

নাইজেরিয়ায় তিন স্কুলে হামলা, ৫০ জনের বেশি শিশু অপহরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১৩:০৩

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো অঙ্গরাজ্যের মুসা শহরে তিনটি স্কুলে হামলা চালিয়ে ৫০ জনের বেশি শিশুকে অপহরণ করেছে বন্দুকধারীরা। অপহৃত শিশুদের অধিকাংশের বয়স দুই থেকে পাঁচ বছরের মধ্যে বলে জানিয়েছে শিক্ষক ও অভিভাবকরা।

শুক্রবার (১৫ মে) সকালে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারীরা মোটরসাইকেলে এসে দ্রুত স্কুলগুলোতে ঢুকে শিশুদের জোরপূর্বক নিয়ে যায়। পালানোর সময় তারা শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে বলে অভিযোগ করা হয়েছে, ফলে নিরাপত্তা বাহিনী গুলি চালাতে পারেনি।

ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে স্থানীয় পর্যবেক্ষকরা ধারণা করছেন, বোকো হারাম বা ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা প্রদেশ (আইসওয়াপ) এর মতো সশস্ত্র গোষ্ঠী এতে জড়িত থাকতে পারে।

নাইজেরিয়ার সরকারি কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে বোর্নো সাউথের সিনেটর আলি এনডুমে জানিয়েছেন, অন্তত ৪২ জন শিশুকে দুটি স্কুল থেকে অপহরণ করা হয়েছে।

অপহরণের শিকার স্কুলগুলোর মধ্যে রয়েছে গভর্নমেন্ট ডে সেকেন্ডারি স্কুল, মুসা সেন্ট্রাল প্রাইমারি স্কুল এবং স্টেট ইউনিভার্সাল বেসিক এডুকেশন বোর্ড সেকেন্ডারি স্কুল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেনারা শহর ত্যাগ করার কিছুক্ষণের মধ্যেই হামলাকারীরা প্রবেশ করে। এরপর তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে শিশুদের তুলে নিয়ে যায়।

একজন অভিভাবক জানান, তিনি পাহাড় থেকে অসহায়ের মতো দেখেছেন কীভাবে তার সন্তানকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হয়।

প্রধান শিক্ষক আবদু ডুনামা বলেন, প্রথমে গুলির শব্দ শোনা যায়, পরে সশস্ত্র লোকজন স্কুলে ঢুকে শিশুদের জড়ো করে অপহরণ করে।

এ ঘটনার পর মুসা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক পরিবার নিরাপদ স্থানে সরে যাচ্ছে। অপহৃত শিশুদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।