ওয়াশিংটন ও তেহরানের চলমান কূটনৈতিক আলোচনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের দেওয়া শান্তি প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র পাঁচটি কঠোর শর্ত আরোপ করেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের প্রায় ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি তাদের হাতে হস্তান্তরের দাবি জানিয়েছে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচির আওতায় থাকা একাধিক স্থাপনার মধ্যে মাত্র একটি কেন্দ্র চালু রাখার অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন।
এছাড়া আন্তর্জাতিকভাবে আটকে থাকা ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ২৫ শতাংশ অবমুক্ত করার দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে অতীত নিষেধাজ্ঞার কারণে ইরানের কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার বিষয়টিও আলোচনার সঙ্গে যুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে ইরানের গণমাধ্যমগুলো এই অবস্থানের কঠোর সমালোচনা করেছে। তাদের অভিযোগ, যুদ্ধক্ষেত্রে অর্জন করতে না পারা সুবিধা এখন কূটনৈতিক আলোচনায় চাপ দিয়ে আদায় করার চেষ্টা করছে ওয়াশিংটন।
এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র প্রস্তাব না মানলে ভবিষ্যতে বড় ধরনের মূল্য দিতে হতে পারে।
ইরানও পাল্টা পাঁচটি শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটক তহবিল মুক্ত করা এবং হরমুজ প্রণালির ওপর সার্বভৌম স্বীকৃতি।
বিশ্লেষকদের মতে, দুই পক্ষের অবস্থান একেবারেই ভিন্ন হওয়ায় আলোচনায় অগ্রগতি হওয়া এখনো কঠিন হয়ে পড়েছে।
আরো পড়ুন: