কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভিডি সতীশন

কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভিডি সতীশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ১৫:৫৬

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা ভিডি সতীশন। সোমবার (১৮ মে) রাজধানী তিরুঅনন্তপুরমের কেন্দ্রীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি ও তার মন্ত্রিসভার ২০ সদস্য শপথ নেন।

কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর তাদের শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা।

দীর্ঘ এক দশক পর কেরালায় ক্ষমতায় ফিরেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ১৪০ আসনের মধ্যে ১০২টিতে জয় পায় জোটটি। অন্যদিকে সিপিএম নেতৃত্বাধীন বাম জোট এলডিএফ পেয়েছে ৩৫টি আসন।

গত বৃহস্পতিবার কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ভিডি সতীশনকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে। তিনি টানা ছয়বার বিধানসভা সদস্য নির্বাচিত হয়েছেন এবং সর্বশেষ কেরালা বিধানসভার বিরোধীদলীয় নেতা ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, কংগ্রেসের ভেতরে কে সি বেণুগোপাল ও রমেশ চেন্নিতালার নামও আলোচনায় ছিল। তবে ২০২১ সালের নির্বাচনে পরাজয়ের পর দলকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শেষ পর্যন্ত সতীশনের পক্ষেই সমর্থন যায়।

বিশ্লেষকদের মতে, কেরালায় কংগ্রেসের এই প্রত্যাবর্তন ভারতের জাতীয় রাজনীতিতেও নতুন বার্তা দিচ্ছে।