যুক্তরাষ্ট্রে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে জালিয়াতি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। গতকাল সোমবার তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিষয়ক মন্ত্রণালয়।
আদানির মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরান-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে দেশটির সঙ্গে বাণিজ্যের অভিযোগও নিষ্পত্তি করেছে মার্কিন কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রে আদানির আইনজীবী রবার্ট গিউফ্রা বার্তা সংস্থা রয়টার্স-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মাসে আদানি নিজেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে বিনিয়োগের প্রস্তাব দেন। তবে সে সময় চলমান মামলার কারণে মার্কিন আইন অনুযায়ী ওই বিনিয়োগে বাধা ছিল।
গিউফ্রা বলেন, “মামলা প্রত্যাহার হওয়ায় এখন বিনিয়োগে আর কোনো বাধা নেই।”
এর আগে ২০২৪ সালের ২০ নভেম্বর নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি আদালতে গৌতম আদানি, তার ভাতিজা সাগর আদানি ও আরও সাত সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগে বলা হয়, ভারতের একটি মেগা সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে কয়েকজন কর্মকর্তাকে প্রায় ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দেওয়া হয়েছিল।
মার্কিন অভিযোগে আরও বলা হয়, প্রকল্পের কাজ নিজেদের প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জি-কে পাইয়ে দিতে ঘুষ দেওয়া হয় এবং পরে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের সময় বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছিল।
অভিযোগ গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই ৬২ বছর বয়সী গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল।
গৌতম আদানি বর্তমানে এশিয়ার অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি। ফোর্বস-এর তথ্য অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৮ হাজার ২০০ কোটি ডলার।
আরো পড়ুন: